গোপালগঞ্জে মন্দিরে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবগ্রাম সর্বজনীন দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ককটেলটি মন্দিরের বাইরে থেকে ছুড়ে মারা হয়। এতে কেউ হতাহত না হলেও মন্দিরের প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে কোটালীপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় মন্দিরের উপদেষ্টা সদানন্দ গাঙ্গুলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গতকাল কোটালীপাড়া থানায় মামলা করেছেন।
মন্দিরের পাশে দেবগ্রাম ঊমাচরণ-পূর্ণচরণ সর্বজনীন উচ্চবিদ্যালয়ের হোস্টেলে অবস্থানকারী শিক্ষক সহদেব বিশ্বাস বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা মন্দিরের কাছে গেলে ধোঁয়া দেখতে পান। বিস্ফোরণে মন্দিরের গেটের ক্ষতি হয়েছে, প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও মন্দিরের চালার বিভিন্ন স্থান ফুটো হয়ে গেছে।
মন্দির কমিটির সাবেক সভাপতি সুধাংশ কুমার গাঙ্গুলী বলেন, বিস্ফোরণের ফলে ককটেলের স্প্লিন্টার লেগে টিন ফুটো হয়ে গেছে। গেটের গ্রিল বেঁকে গেছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কোনো পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘সামনে দুর্গাপূজা। আমরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা করতে চাই।’
গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান ও জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।