গোপালগঞ্জে মন্দিরে ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গাববাড়ী গ্রামে দুর্বৃত্তরা একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গাববাড়ী গ্রামের বাসিন্দা বাসুদেব বাগচী জানান, গ্রামের শীতলা মন্দিরটি শত বছরের পুরোনো। দুর্বৃত্তরা ওই মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শীতলা ও রক্ষা প্রতিমা ভেঙে ফেলে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি মন্দিরের সামনে গিয়ে দেখতে পান, মন্দিরের দরজা খোলা এবং মন্দিরের প্রতিমা দুটি ভাঙা।

ওই মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সূর্যকান্তি বাগচী জানান, গত মঙ্গলবার রাতেও ওই মন্দিরে শীতলা পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দেওয়া হয়। বুধবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাঁর। বিষয়টি স্থানীয় প্রশাসন ও থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি করার জন্য কিংবা কিছু খাওয়ার মতলবে দুর্বৃত্তরা ওই মন্দিরে ঢুকেছিল বলে পুলিশের ধারণা।