গোপালগঞ্জে সংঘর্ষে আহত স্কুলছাত্রের মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালী গ্রামে গত শুক্রবারের সংঘর্ষে আহত স্কুলছাত্র রনি মোল্লা (১৪) মারা গেছে। মঙ্গলবার রাত আটটার দিকে পাশের নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের এক পল্লি চিকিৎসকের চেম্বারে তার মৃত্যু হয়।
রনি মোল্লা গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের লাবলু মোল্লার ছেলে। সে স্থানীয় খালিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের নয়ন শেখ (৩০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার জের ধরে ওই দিনই পাশের ইছাখালী গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রনি মোল্লা আহত হয়। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে সোমবার সে বাড়ি ফেরে। পরদিন বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের বড়দিয়া বাজারে পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকের চেম্বারে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।
গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই আবদুস সোবহান বলেন, এ ঘটনায় আগেই রনির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।