গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মো. কবির সরদার নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। এ ছাড়া একটি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।
গতকাল শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলার নকড়ীর চর গ্রামে সরদার ও মল্লিক বংশের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন সেলিম সরদার (৪০), এনতাজ উদ্দিন সরদার (৩৫) ও নাসির শেখ (৫০)। তাঁরা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে একই গ্রামের সরদার ও মল্লিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে খাজা মল্লিকের লোকজন জোর করে আল আমীন সরদারের দখলে থাকা জমি থেকে বালু উত্তোলন করতে যায়। এতে আল আমীন ও তাঁর লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন গোপালগঞ্জ-বর্নি সড়কের ওপর নকড়ীর চর সরদার বাড়ির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে কবির সরদারসহ (৪৫) চারজন আহত হয়। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কবিরের মৃত্যু হয়। এ ছাড়া সংঘর্ষের সময় রফিক সরদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
গতকাল বিকেলে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কবিরের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।