গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে গত শুক্রবার শিপ্রারানী দাস (৩৫) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শিপ্রারানীর স্বামী ও সৎ ছেলে পলাতক রয়েছেন।
শিপ্রারানী উপজেলার পিঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্বামী ব্রজেন্দ্রনাথ বাইন জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের সচিব।
শিপ্রারানীর পারিবারিক সূত্র জানায়, ব্রজেন্দ্রনাথ বাইন ১৮ বছর আগে গোপালগঞ্জ সদরের মানিকহার গ্রামের রিতা বাইনকে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর এক ছেলে রেখে রিতা বাইন মারা যান। রিতার ছেলে বাঁধন বাইন (১৬) কাশিয়ানী বেলতলা আশার আলো বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রথম স্ত্রীর মৃত্যুর পর ১৪ বছর আগে ব্রজেন্দ্রনাথ কাশিয়ানীর পোনা গ্রামের শিপ্রারানীকে বিয়ে করেন। শিপ্রারানীর সেজুতি (৩) নামের এক মেয়ে ও শুভ্রজিত নামের দেড় বছরের এক ছেলে রযেছে। শিপ্রারানী স্বামী, শাশুড়ি, সন্তান ও সৎ ছেলেসহ কাশিয়ানী সদরের ডাকবাংলোর পাশের একটি ভবনে ভাড়া থাকতেন।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে ব্রজেন্দ্রনাথের মা গ্রামের বাড়িতে বেড়াতে যান। ব্রজেন্দ্রনাথ তাঁর মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান। বেলা ১১টার দিকে সৎ ছেলে বাঁধন শিপ্রাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ছেলে শুভ্রজিতের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে শিপ্রারানীকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সৎ ছেলে শিপ্রারানীকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাঁর স্বামী ব্রজেন্দ্রনাথও আত্মগোপন করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।