গোপালগঞ্জে হাকিমের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় মামলা
গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. মতিয়ার রহমানের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে একটি জাল ওয়ারিশ এফিডেফিট প্রস্তুত করায় আইনজীবীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার গোপালগঞ্জ সদর থানায় এ মামলাটি করেন মুখ্য বিচারিক আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আ. গফফার মিয়া।
পুলিশ এজাহারভুক্ত আসামি কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে। কামরুজ্জামান গতকাল মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মো. আ. গফফার মিয়া জানান, গত ২৭ সেপ্টেম্বর প্রস্তুত করা জালিয়াতিপূর্ণ ওই এফিডেফিটটি গত রোববার তাঁর হস্তগত হয়। এটি মুখ্য বিচারিক হাকিমকে দেখালে তিনি তাঁর স্বাক্ষর ও সিল জাল বলে জানান। এ কারণে জালিয়াতির অভিযোগে গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুরাদ হোসেনসহ ১০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মুকুল হোসেন সরদার বলেন, আইনজীবী বাদে মামলার বাকি নয় আসামি পরস্পর ভাই ও বোন। ইতিমধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. কামরুজ্জমানকে গ্রেপ্তার করা হয়েছে।