গোপালগঞ্জে ৩০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে রঘুনাথ বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্যমতে, এ সময় তাঁর কাছ থেকে ২৯ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
রঘুনাথ বিশ্বাস (৩৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের মালিক। বাড়ি আলফাডাঙ্গা সদরের মালোপাড়ায়।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, রঘুনাথের কাছ থেকে স্বর্ণের আড়াইটি বিস্কুট, ১০টি চেইন, ১০টি আংটি, ৫টি লকেট উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় রঘুনাথের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।