গোপালপুর উপজেলা সম্পাদকসহ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাজাহানপুর বাজারে গত শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পিস্তল, গুলিসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, মো. মিজান, আবদুর রহিম, মিন্টু তালুকদার, মো. প্রদীপ ও বাহাদুর আলী। সাইফুলের বাড়ি উপজেলা সদরের সূতি এলাকায়। বাকিদের বাড়ি শাজাহানপুর গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান বলেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ আবদুর রহিমকে মনোনয়ন দেয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই জয়ী হন। এ নিয়ে নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সন্ধ্যার পর শাজাহানপুর বাজারে আবদুর রহিমের লোকজন নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল হাইয়ের দোকানে হামলা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ চলে আসার পর আবদুল হাইয়ের লোকজন আবদুর রহিমের সমর্থকদের কয়েকটি দোকানে হামলা করে। এ ঘটনায় রাতেই আবদুর রহিম মামলা করেন। একই ঘটনায় তাঁর সমর্থক সোহরাব হোসেন ও সাইফুল ইসলাম তালুকদারসহ অজ্ঞাত ১০-১৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। এতে হামলার সময় সাইফুল ইসলাম আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছেন বলে অভিযোগ করা হয়।
ওসি মাহফিজুর রহমান আরও বলেন, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও গোপালপুর থানার পুলিশ যৌথভাবে উপজেলা সদরের সূতি এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ তাঁকে ধরে ফেলে। তাঁর কাছ থেকে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে গতকাল মামলা করেছেন। সাইফুলসহ গ্রেপ্তার হওয়া ছয়জনকে গতকাল টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।