গোবিন্দগঞ্জ-হিলি রুটে চোরাপথে আসছে ভারতীয় পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে কড়াকড়িতে গত কয়েক মাস ভারতীয় জিনিসপত্র আসা কমে ছিল। কিন্তু ঈদকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-হিলি ও গোবিন্দগঞ্জ-কামদিয়া-পাঁচবিবি রুটে দিয়ে চোরাকারবারীরা ভারতীয় জিনিসপত্র নিয়ে আসছে। তারা পুলিশকে দৈনিক বখরা দিয়ে ওই দুটি সড়কপথে বিভিন্ন যানবাহনে করে এসব জিনিস আনছে। ফলে দেশীয় কাপড় ব্যবসায়ীরা লোকসান গুনছেন।

গোবিন্দগঞ্জের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের হিলির দূরত্ব ৪৫ কিলোমিটার। এখান থেকে গোবিন্দগঞ্জ-হিলি ও গোবিন্দগঞ্জ-কামদিয়া-পাঁচবিবি বিকল্প সড়কে হিলিতে যাওয়া যায়। দীর্ঘদিন ধরে এ দুটি পথে চোরাইভাবে ভারতীয় শাড়ি, লুঙ্গি, জিরা, বাইসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র গোবিন্দগঞ্জে আসছে। কাপড়ের ভেতরে করে মাদকদ্রব্যও আনা হচ্ছে। এমনকি পান-সুপারি পর্যন্ত আসছে। চলতি বছরের প্রথম দিকে চোরাকারবারীরা সক্রিয় ছিল। পরে সীমান্তে কড়াকড়িতে গত কয়েক মাস ভারতীয় জিনিসপত্র আনা কমে ছিল। কিন্তু ঈদ সামনে রেখে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা পুলিশকে দৈনিক বখরা দিয়ে ওই দুটি সড়কপথে বাস-ট্রাক, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে ভারতীয় জিনিসপত্র নিয়ে আসছে।

 বখরা তুলতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ লাইনম্যান নিয়োগ করেছে। এই থানার অধীনে রয়েছে ১২ থেকে ১৫ জন লাইনম্যান, যাঁদের প্রত্যেকের দৈনিক হাজিরা ২০০ থেকে ৫০০ টাকা করে। এই লাইনম্যানদের মাধ্যমে গোবিন্দগঞ্জ-হিলি সড়কের দুটি স্থানে যানবাহন থেকে চোরাকারবারীদের কাছ থেকে বখরা নেওয়া হচ্ছে। ভারত থেকে আনা চোরাই শাড়িপ্রতি ১৫ টাকা, লুঙ্গি ১০ টাকা, জিরা কেজিতে ৫ টাকা এবং বাইসাইকেলপ্রতি ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। এভাবে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা বখরা আদায় হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক লাইনম্যান জানান। এর মধ্যে ঘোড়াঘাট এলাকায় সাদি মিয়া এবং বাগদাবাজার এলাকায় ফিরোজ মিয়া, আবদুল কাইয়ুম ও আয়তাল মিয়া বখরা তোলার দায়িত্বে রয়েছেন।

গোবিন্দগঞ্জ-কামদিয়া-পাঁচবিবি বিকল্প সড়কের কামদিয়া বাজারে রণজিৎ ও কবিরুল নামের দুই লাইনম্যান বখরা তোলেন। বখরার টাকা গোবিন্দগঞ্জ থানায় জমা হয়। ওই টাকা মাস শেষে কনস্টেবল থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক নামধারী কিছু ব্যক্তির মধ্যে ভাগবাটোয়ারা হয়। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, পুলিশ যে লাইনম্যানের মাধ্যমে বখরা তোলে, এলাকার সবাই তা জানেন।

গত রোববার সরেজমিনে গোবিন্দগঞ্জ-হিলি সড়কের বাগদা বাজারে দেখা যায়, একটি বাস বাগদা বাজারে থামার পর চোরাকারবারীদের কাছ থেকে বখরা তুলেন লাইনম্যান। হিলি থেকে আসা নির্দিষ্ট কিছু বাস-ট্রাক, ভটভটি থেকে বখরা নেওয়া হয়। এক লাইনম্যান বলেন, যে যানবাহনগুলোয় ভারতীয় জিনিসপত্র থাকে, সেগুলোতে উঠে বখরা নেওয়া হয়।

চোরাপথে আনা ভারতীয় জিনিসপত্র গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ, চাষকপাড়া, আমবাড়ী, মোহনপুর, ডাঙ্গাপাড়া মিশন ও গুমানিগঞ্জ এলাকায় নামানো হয়। সেখান থেকে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

গোবিন্দগঞ্জের মেয়র আতাউর রহমান বলেন, ভারতীয় কাপড় প্রকাশ্যে বেচাকেনার কারণে স্থানীয়ভাবে গড়ে ওঠা শীতবস্ত্র শিল্প কোটি কোটি টাকার লোকসান গুনছে। পৌর এলাকার লাইনম্যান ফিরোজ বলেন, লাইনের অবস্থা শোচনীয়। প্রতি মাসে ওসির কাছে ২০ হাজার টাকা পৌঁছে না। লাইনম্যান কবিরুল বলেন, এখন লাইনের অবস্থা খারাপ। অপর লাইনম্যান আবদুল কাইয়ুম একই কথা বলেন। তবে ওসি মজিবুর রহমান বলেন, ‘পুলিশের লাইনম্যান নেই। অভিযোগটি মিথ্যা। তবে একেবারেই যে চোরাচালান হয় না, তা বলব না।’