গোবিন্দগঞ্জে আ. লীগ নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে তাঁকে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪০)। তাঁর বাড়ি উপজেলার কামদিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন রবিউল।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন রবিউল। কামদিয়া ইউনিয়নের কৈলাটিকর নামক স্থানে এলে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করে তারা। রবিউল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে মারা যান তিনি।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য রবিউলের লাশ আজ দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহত রবিউলের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।