গোবিন্দগঞ্জে আরও এক সাঁওতালের লাশ উদ্ধার, গ্রামজুড়ে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সোমবার রাতে মঙ্গল মারডি (৫০) নামের আরও এক সাঁওতালের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার রাতে পুলিশের সঙ্গে স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শ্যামল হেমব্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে এ সংঘর্ষে দুজন নিহত হলেন। ঘটনার পর থেকে সাহেবগঞ্জের সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামের অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মৃত মঙ্গল মারডির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দান্দুপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জ্যাঠা মারডির ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, স্থানীয় লোকজন সোমবার রাত ১০টার দিকে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
গত রোববার গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। গতকাল সোমবার মাদারপুর গ্রামে সাঁওতালদের বাড়িঘরে চলে লুটপাট। দুর্বৃত্তরা এ সময় তাঁদের ঘরের চালা থেকে টিন, আসবাবসহ গৃহপালিত পশু পর্যন্ত লুট করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে গিয়ে দেখা গেছে, একদিকে চিনিকলের উচ্ছেদ করা জমি পুলিশি পাহারা দিচ্ছে। অন্যদিকে চিনিকল কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। এখান থেকে সাহেবগঞ্জ-সংলগ্ন সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামে গিয়ে দেখা গেল, সাঁওতাল পরিবারের কিশোরেরা তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু নারী-পুরুষ মাটির তৈরি বাড়ির উঠোনে বসে আছেন। বহিরাগত লোক দেখলেই তাঁরা আতঙ্কিত হচ্ছেন। আপনারা কারা, কেন এসেছেন, জানতে চাইছেন। গ্রাম ঘুরে দেখা গেল বেশির ভাগ সাঁওতাল পুলিশের ভয়ে বাড়িছাড়া।
মাদারপুর গ্রামের লুটপাটে ক্ষতিগ্রস্ত তরুণ মুরমু (৪৫) বললেন, ‘আমরা মিলের জমিতে ঘর তুলছিলাম। সেই ঘর রোববার পুলিশ ভাঙি দেয়। তাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ঘা শুকাইনি। তার ওপর সোমবার অনেক লোক আসি আমাদের গরু-ছাগল হাঁস-মুরগি লুট করে। আবার কখন কে হামলা করে, তা নিয়ে আমরা আতঙ্কে আছি।’ গ্রামের মিকাই মুরমু (৪৮) বললেন, ‘সব সময় রাস্তার দিকে চেয়ে থাকি। কখন আবার হামলা হয়।’ তিনি বলেন, ‘আমাদের অনেক লোককে পুলিশ আসামি করেছে। গ্রেপ্তারের ভয়ে তাঁরা পালিয়ে আছেন।’
সাহেবগঞ্জের রংপুর চিনিকলের রংপুর চিনিকলের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে এই জটিলতার সৃষ্টি হয়। চিনিকল কর্তৃপক্ষের দাবি ১৯৬২ সালে এ জমি অধিগ্রহণ করা হয়। আগে এ জমিতে আখ উৎপাদন হলেও পরে তা বন্ধ হয়ে যায়। এ জমি নিজেদের দাবি করে গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করে।
তবে সাঁওতালদের দাবি, আখ চাষের কথা বলে তাঁদের জমি অধিগ্রহণ করার সময় বলা হয়েছিল, আখ ছাড়া অন্য কিছু চাষ করা হলে তা ফেরত দেওয়া হবে। পরে যখন জমিতে তামাক ও ধান চাষ হয়, তখনই তা তাঁরা দখল করেন।
রোববারের এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রোববার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা সবাই মাদারপুরের সাঁওতাল সম্প্রদায়ের। তবে গতকাল তাদের গ্রামে হামলার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, হামলার বিষয়ে সাঁওতালরা কেউ অভিযোগ করেনি।
প্রতিবাদ: গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে যৌথভাবে মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ আজ বিকেলে মাদারপুর ও পার্শ্ববর্তী জয়পুর গ্রামের ৫০০ জন সাঁওতালের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ২০০ থেকে ৫০০ টাকা করে বিতরণ করেন। নিহত মঙ্গল মারডির সৎকারের জন্য তিনি ১০ হাজার টাকা দেন। সাংসদ আবুল কালাম বলেন, ঘটনাটি দুঃখজনক। সাঁওতালদের পুনর্বাসনের জন্য সরকারের সঙ্গে কথা বলব।