গোবিন্দগঞ্জে কুপিয়ে গৃহবধূকে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার শাহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি বর্গা না দেওয়ায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
শাহিনুর বেগম তিন সন্তানের জননী ও তিনি সিংহডাঙ্গা গ্রামের সৌদিপ্রবাসী রাহেদুল ইসলামের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পারিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহিনুর তাঁর বাড়ি-সংলগ্ন এক বিঘা জমি প্রতিবেশী আবদুল করিমকে বর্গা দেন। ওই জমি একই গ্রামের আনোয়ারুল ইসলামও বোরো চাষের জন্য কয়েক দিন ধরে বর্গা চাইছেন। আবদুল করিম গত বৃহস্পতিবার ওই জমি বোরো ধান রোপণের জন্য প্রস্তুত করেন। আনোয়ারুল ইসলাম গতকাল সকালে ওই জমিতে বোরো ধান রোপণ করতে যান। খবর পেয়ে শাহিনুর ঘটনাস্থলে গিয়ে তাঁকে ধানের চারা রোপণ করতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ারুল তাঁর হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুরের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ারুলের বড় ভাই চান মিয়া (৫০) ও তাঁর ভাগনে লাইজু মিয়াকে (২২) আটক করে পুলিশ।
এ ব্যাপারে জানতে আনোয়ারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে থানায় আটক চান মিয়া বলেন, ‘শাহিনুরের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়েছে। কিন্তু কোদাল দিয়ে মেরেছে কি না, আমরা জানি না।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল রাত সোয়া আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখানো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চান মিয়া ও লাইজু মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে। আনোয়ারুলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।