গোবিন্দগঞ্জে গৃহবধূ খুন, স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খাদিজা বেগম (২৯) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রাম থেকে গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী মেহেদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

মেহেদুল ইসলামের বাড়ি সদর উপজেলার নারায়ণপুর গ্রামে। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। দুই বছর ধরে তাঁরা ফুলহার গ্রামে খাদিজা বেগমের ফুফুর বাড়িতে বাস করছিলেন। খাদিজার বাবার বাড়িও এ গ্রামে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে প্রতিবেশী ও পরিবারের লোকজন ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। তাঁরা ঘরের মেঝেতে খাদিজার লাশ পড়ে থাকতে দেখেন। মেহেদুলকে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে খাদিজার বাবা আবদুর রাজ্জাক মেহেদুল ইসলামকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়েছে, দাম্পত্য কলহের জের ধরে খাদিজাকে হত্যা করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে মেহেদুল ইসলামের সঙ্গে খাদিজা বেগমের পারিবারিক কলহ চলছিল। খাদিজার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেহেদুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ব্যাপারে জানতে মেহেদুলের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।