গোবিন্দগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত সোমবার রাতে জুঁই বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আবদুল হালিম পলাতক রয়েছেন।
জুঁইয়ের পরিবার ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের হালিমের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে হালিম যৌতুকের দাবিতে জুঁইকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিনি বাবার বাড়ি একই উপজেলার অভিরামপুরে যান। গত সোমবার সন্ধ্যায় জুঁই ও শিশুকন্যাকে (২৫ দিন) দেখতে অভিরামপুরে যান হালিম। ওই দিন রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হালিম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে জুঁইকে কোপাতে থাকেন। কোপানোর সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হালিম পালিয়ে যান। পরে লোকজন এসে ঘরের ভেতর তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় গতকাল জুঁইয়ের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে হালিমের নাম উল্লেখসহ তিন-চারজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। হালিমকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।