গোবিন্দগঞ্জে চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে শাহ আলম মিয়া (৪৫) নামের এক চাতাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার নাসিরাবাদ বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শুক্রবার আবদুল মালেক (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত শাহ আলম ওই ইউনিয়নের বগলাগাড়ি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। ওই বাজারে তাঁর একটি চাতাল রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাসিরাবাদ বাজারের একটি হোটেলে বসে শাহ আলম চা পান করছিলেন। এ সময় হঠাৎ এলাকার মাদক ব্যবসায়ী আবুল হোসেনের নেতৃত্বে ১০-১১ জনের একটি দল হামলা চালায়। তারা টেনে-হিঁচড়ে শাহ আলমকে দোকান থেকে বের করে এনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। নিহত শাহ আলম জামায়াতের একজন কর্মী। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ৮-১০টি মামলা আছে।
নিহত ব্যক্তির স্ত্রী রেনু বেগম বলেন, কিছুদিন আগে আবুল হোসেনসহ স্থানীয় তিন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন দিনের কারাদণ্ড দেন। শাহ আলম তাঁদের ধরিয়ে দিয়েছিলেন বলে সন্দেহ ছিল ওই তিনজনের। সম্প্রতি তাঁরা কারাগার থেকে বেরিয়ে শাহ আলমকে হত্যার হুমকি দিচ্ছিলেন।
ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। রেনু বেগম গতকাল ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এক আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক।