গোবিন্দগঞ্জে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহপুর গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।
বাড়ির মালিক কাপড় ব্যবসায়ী শাহ আলম মুন্সি বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দুইটার দিকে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা আমার দুই ছেলে জুয়েল ও আতিকুরকে হাত-পা বেঁধে বেদম মারপিট করে লুটপাট চালায়। তারা আমার বাড়ির কয়েকজন ভাড়াটের নগদ টাকা ও জিনিসপত্র লুটপাট করে।’
এ বিষয়ে কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ডাকাতেরা ওই বাড়ি থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, এটি আসলে চুরির ঘটনা। এ ঘটনায় চুরির মামলা হবে।