গোবিন্দগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত ভবন থেকে সাজিনা খাতুন (৮) নামের এক শিশুর লাশ গতকাল রোববার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। সাজিনা শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাবু মিয়ার মেয়ে। সে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, সাজিনা খাতুন গত শনিবার বিকেলে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। কিন্তু বিদ্যুৎ না থাকায় শেষ পর্যন্ত অনুষ্ঠান হয়নি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন ওই পরিষদের নবনির্মিত ভবনের পাশে শিশুটির লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় মামলা হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে সাজিনার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
শিশুটির বাবা সাবু মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার মেয়ে কী অপরাধ করেছিল, ও কেন মরল।’ এলাকাবাসী জানান, ঘটনাটি রহস্যজনক। সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
গত ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী হাওয়াখানা এলাকার একটি গমখেত থেকে আবির হোসেন (২২) ও শাকিব মিয়ার (২৫) দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের বাড়ি শরীয়তপুরের সিলথিয়া ও শেরপুর সদরের বাগপাশা গ্রামে। গত বছরের ১০ সেপ্টেম্বর কাটাখালী হাওয়াখানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবু সাঈদ (২৫) ও শাহ জালাল ভুইয়া (৪৫) নামের দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।