গোবিন্দগঞ্জে নির্বিচারে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা উপেক্ষা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে। এসব গাছ ট্রাকে ভর্তি করে প্রতিদিন বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরীর নির্দেশে এসব গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী। তবে উজ্জ্বল চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, গাছ কাটছেন ইউপি চেয়ারম্যান মোশাহেদ।
কামদিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে কামদিয়া ইউনিয়নের কনাটিকর থেকে তেঘড়া পর্যন্ত সড়কের এক কিলোমিটার ও তেঘড়া থেকে ভুতগাড়ি সড়কের দেড় কিলোমিটার অংশে তিন সহস্রাধিক ইউক্যালিপটাস জাতের গাছ লাগানো হয়। গত ৩০ মার্চ থেকে গাছ কাটা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ শতাধিক গাছ কাটা হয়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এসব গাছ ট্রাকে ভর্তি করে প্রতিদিন বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের তেঘড়া থেকে ভুতগাড়ি সড়কে গাছ কাটা চলছে। তেঘড়া এলাকায় ছবি তোলার সময় শ্রমিক আফজাল মিয়া ও মকবুল হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। দৈনিক হাজিরা নিয়ে কাজ করি। গাছ কাটা অবৈধ কি না, জানি না।’ এ ছাড়া কনাটিকর থেকে তেঘড়া সড়কের পাশে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। তেঘড়া গ্রামের ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু কয়েক দিন ধরে নির্বিচারে ছোট-বড় সব রকমের অসংখ্য গাছ কাটা চলছে। গতকালও গাছ কাটা হয়।
এলজিআরডি মন্ত্রণালয়ের পরিপত্রে গাছ কাটার নীতিমালা অনুযায়ী, ইউপির মালিকানাধীন কোনো গাছ বিক্রি করতে ইউপির সভায় সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য প্রস্তাব আকারে উপজেলা কমিটি বরাবর পাঠাতে হবে। ওই উপজেলা কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদস্যসচিব সহকারী কমিশনার (ভূমি)। অন্য চার সদস্য হলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি। কিন্তু উপজেলা পরিষদের অনুমতি না নিয়ে গাছ কেটে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী গতকাল বিকেল চারটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাছ বিক্রির শতকরা ৩০ ভাগ টাকা ইউপির পাওয়ার কথা। কিন্তু গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। আওয়ামী লীগের নেতা উজ্জ্বল চৌধুরীর নির্দেশে ইউনিয়নের কয়েকটি সড়কে অসংখ্য গাছ কাটা হয়েছে।’ জানতে চাইলে উজ্জ্বল চৌধুরী উল্টো অভিযোগ করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান মোশাহেদের নির্দেশেই গাছ কাটা হয়।
ইউএনও আবদুল হান্নান বলেন, ওই ইউনিয়নে গাছ কাটার অনুমোদন দেওয়া হয়নি। গাছ কাটার বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বন বিভাগকেও বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। গোবিন্দগঞ্জ বন বিভাগের ফরেস্টার রতন লাল মহত বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে কেন ও কারা গাছ কাটছে, তা জানতে চেয়ে গত মঙ্গলবার কামদিয়া ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত জবাব পাওয়া যায়নি।