গোবিন্দগঞ্জে পুলিশ-সাঁওতাল সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) রোববার রাতে মারা গেছেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ধনগইর গোমস্তাপুর গ্রামে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আশরাফুল হক বলেন, রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। নিহত শ্যামল হেমব্রমের বাঁ পাঁজরে গুলির ক্ষত রয়েছে বলে জানান তিনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমির আখ কাটা ​নিয়ে গতকাল রোববার পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। তিরবিদ্ধ ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গুলিবিদ্ধ সাঁওতালরা রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শ্যামল হেমব্রম দিনাজপুরে মারা যান। দুজনকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে চিকিৎসা দিচ্ছে। অপরজনকে গ্রেপ্তারের ভয়ে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রোববার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে ও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে এ মামলা করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, ‘সাঁওতালদের কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না, আমার জানা নেই। তবে তাঁদের নিজেদের ছোড়া তিরে নিজেরাই বিদ্ধ হতে পারেন।’ এ সময় রংপুরে চিকিৎসাধীন দুই সাঁওতালকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন তিনি।