গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ আহত ২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় আজ রোববার পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে স্থানীয় সাঁওতাল জাতিগোষ্ঠীর একদল লোকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ কয়েকটি টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টার দিকে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা পুলিশি পাহারায় সাহেবগঞ্জ ইক্ষু খামার-সংলগ্ন এলাকায় জমিতে আখ কাটতে যান। তবে খামারের জমিতে থাকা সাঁওতালরা তাঁদের বাধা দেন। এতে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হন। থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা চলে। এ সময় সাঁওতালরা ইটপাটকেল নিক্ষেপ এবং তির ছোড়েন। এতে নয়জন পুলিশ সদস্য তিরবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েকটি গুলি ছোড়ে। পুলিশের গুলিতে সাঁওতাল সম্প্রদায়ের চারজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক আকতার হোসেন, সহকারী উপপরিদর্শক রাজু মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ সাঁওতালদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারী এবং সাঁওতালরা মুখোমুখি অবস্থান নিয়ে ছিল। গোটা এলাকায় থমথমে অবস্থা চলছে।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে আজ বিকেলে মুঠোফোনে দাবি করেন, পুলিশের ছোড়া গুলিতে তাঁদের চারজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজনের মাথায়, একজনের কোমরে ও দুজনের পায়ে গুলি লাগে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, ‘সাঁওতালদের কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না, আমার জানা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়।’ তিনি বলেন, সাঁওতালদের ছোড়া তিরে গোবিন্দগঞ্জ থানার নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর থেকে সাহেবগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল মুঠোফোনে বলেন, চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু দুই বছর আগে এসব জমি বাপ-দাদার দাবি করে আন্দোলনে নামেন সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। আন্দোলনের একপর্যায়ে তাঁরা গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করেন। ওই দিন থেকে তাঁরা তির-ধনুক নিয়ে জমি পাহারা দিচ্ছেন।
আবদুল আউয়াল আরও বলেন, ১৯৬২ সালে জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে। অথচ এলাকার কতিপয় সুবিধাবাদী ব্যক্তির উসকানিতে সাঁওতালরা অবৈধভাবে চিনিকলের জমি দখল করেন।
এ প্রসঙ্গে ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, কারও উসকানিতে আন্দোলন করা হচ্ছে না। চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ করা হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি। তাই দখলের ঘটনা ঘটে।