গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার উত্তরপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধে হাতেম আলী (৪২) নামের এক কৃষক নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহত লোকজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত কৃষকের পারিবারিক সূত্র জানায়, হাতেম আলীর সঙ্গে নদী তীরবর্তী একটি খাসজমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে পাশের পলাশবাড়ী উপজেলার হাঁসবাড়ি গ্রামের নুরুন্নবী মিয়ার বিরোধ চলছিল। বেলা একটার দিকে নুরুন্নবী মিয়া ও তাঁর লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই জমির দখল নিতে যান। এ সময় হাতেম আলী বাধা দিলে নুরুন্নবী মিয়া ও তাঁর লোকজন তাঁকে মারধর শুরু করেন। হাতেম আলীকে বাঁচাতে তাঁর লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। মারধরে ঘটনাস্থলেই হাতেম আলী নিহত এবং তাঁর পক্ষের ছয়জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন ফুলহার উত্তরপাড়া গ্রামের হামিদুল হক, মর্জিনা বেগম, মাহফুজ মিয়া, লুৎফর রহমান, আয়শা বেগম ও রওশন আরা। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে নুরুন্নবী মিয়া ও তাঁর পরিবারের লোকজন পলাতক। যোগাযোগ করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।