গোবিন্দগঞ্জে বাড়িতে এসে খুন হলো স্কুলছাত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বিটিসিএল কার্যালয় এলাকা থেকে গতকাল শনিবার সকালে ওবায়দুল্লাহ ওরফে লুৎফি (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র গোবিন্দগঞ্জ উপজেলা শহরের প্রধানপাড়া এলাকার মাদ্রাসাশিক্ষক আবদুর রশিদের ছেলে। সে ঢাকার রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে স্থানীয় লোকজন বিটিসিএল কার্যালয় চত্বরে ওবায়দুল্লাহর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
নিহত ছাত্রের বাবা আবদুর রশিদ বলেন, ‘আমার ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। কয়েক দিন আগে সে ঈদের ছুটিতে গোবিন্দগঞ্জে আসে। শনিবার ভোর রাতে সেহরি খাওয়ার আগে বাসা থেকে বের হয়। এরপর সে বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে ছেলের মৃত্যুর খবর পাই।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ওবায়দুল্লাহর মুখ, গলায় থেঁতলানো দাগ রয়েছে। এ ছাড়া কোমর ও পায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে কিল-ঘুষি মেরে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে যায়। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।