গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালপট্টি গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল সোমবার শ্বশুরবাড়ির পাশের গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আশরাফুল উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা সূত্র জানায়, ছয় বছর আগে মহিমাগঞ্জ ইউনিয়নের তালপট্টি গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে মফেলা বেগমের সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে রয়েছে। তিন মাস আগে আশরাফুলের অমতে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন মফেলা বেগম। তবে আশরাফুল তাঁকে গ্রামে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল আশরাফুলের। তিন দিন আগে শ্বশুরবাড়িতে যান তিনি। গতকাল সকালে স্থানীয় লোকজন আশরাফুলের লাশ পাশের বালুয়া গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আশরাফুলের বাবা মনতাজ উদ্দিন অভিযোগ করেন, ‘আশরাফুলকে ডেকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এরপর তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।’ এ ঘটনার পর আশরাফুলের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাঁর মুখ দিয়ে রক্ত পড়ছিল। ধারণা করা হচ্ছে, মারপিট করে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।