গোবিন্দগঞ্জে হামলায় কৃষক নিহত, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাতেম আলী (৪২) নামের এক কৃষক নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার ফুলহার উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
হাতেম আলী ফুলহার উত্তরপাড়া গ্রামের জানু মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের হামিদুল হক (৫৫), মর্জিনা বেগম (৪৫), মাহফুজ মিয়া (৪০), লুৎফর রহমান (৫৫), আয়শা বেগম (৫৮) ও রওশন আরা (৬৫)।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের হাতেম আলীর সঙ্গে নদীতীরের একটি খাসজমির মালিকানা নিয়ে পলাশবাড়ী উপজেলার হাঁসবাড়ী গ্রামের নুরুন্নবী মিয়ার বিরোধ চলছিল। গতকাল বেলা একটার দিকে নুরুন্নবী মিয়া ও তাঁর লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে ওই জমির দখল নিতে যান। এতে হাতেম আলী বাধা দিলে নুরুন্নবী মিয়া ও তাঁর লোকজন তাঁকে মারধর শুরু করেন। হাতেম আলীকে বাঁচাতে তাঁর লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই হাতেম আলী নিহত ও তাঁর পক্ষের ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।