গোমতী নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোমতী নদী থেকে গতকাল সোমবার এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নদীতে গোসল করতে গিয়ে ডুবে ওই ছাত্র মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওই ছাত্রের নাম মো. ইমাম হোসেন ওরফে সজীব (১৪)। সে জেলার আদর্শ সদর উপজেলার চম্পকনগর ইসলামিয়া মোমিনিয়া দারুল সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবার নাম তাজুল ইসলাম। তাঁরা কুমিল্লা নগরের রেসকোর্স ধানমন্ডি সড়ক এলাকায় ভাড়া থাকেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার স্বর্ণা গ্রামে।
ইমামের বড় ভাই ইকবাল হোসেন বলেন, গত ২৯ থেকে ৩১ ডিসেম্বর আদর্শ সদর উপজেলার গোমতী নদীর তীরের আমতলি এলাকায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে মোমিনিয়া মাদ্রাসার ১৭ জন শিক্ষার্থীর সঙ্গে ইমামও অংশ নেয়। গত ৩০ ডিসেম্বর দুপুরে ইমাম তার বন্ধুদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে হয়তো সে স্রোতের মধ্যে হারিয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা বিষয়টি গোপন করে।
ইকবাল বলেন, কংসনগর বাজারের এক ব্যবসায়ী মো. বশির উদ্দিন এক সহযোগীকে নিয়ে গতকাল সকালে গোমতী নদীর বাঁধের ওপর দিয়ে দেবীদ্বারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলার শিবপুর সেতুর নিচে একটি খুঁটির সঙ্গে একটি লাশ আটকে থাকতে দেখেন। পরে তিনি খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নদী থেকে লাশ উত্তোলনের পর পরিবারের সদস্যদের দেখানো হয়। এরপর তাঁরা লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই ছাত্র মারা যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।