গোমস্তাপুরে আদিবাসী নারীকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামে এক আদিবাসী নারীকে তাঁর স্বামী ও সতিন শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ওই আদিবাসী নারীর নাম পালানি মিনজ ওরফে কুলসুম (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ব্যক্তিরা জানান, আট বছর আগে আদিবাসী স্বামী ও দুই সন্তানকে ছেড়ে প্রতিবেশী বিবাহিত খায়রুলকে ভালোবেসে তাঁর হাত ধরে নিরুদ্দেশ হন পালানি। এরপর মুসলমান হয়ে তিনি খায়রুলকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর নাম কুলসুম রাখা হয়। এরপর তাঁরা দুজনে খুলনা গিয়ে বসবাস করতে থাকেন। পরে খায়রুলের সঙ্গে আগের স্ত্রী জুলেখা বেগমের যোগাযোগ হয়। এক বছর আগে খায়রুল খুলনায় পালানিকে ফেলে রেখে আগের স্ত্রীর কাছে ফিরে আসেন। খোঁজ পেয়ে দু-তিন মাস পর পালানিও ফিরে আসেন। কিন্তু খায়রুল তাঁকে বাড়িতে উঠতে দেননি। পরে বাড়িতে আশ্রয় নিয়ে পালানি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বিচারের দাবি জানান। এরপর ইউপি কার্যালয়ের নির্দেশে খায়রুল পালানিকে ঘরে তোলেন। তবে খায়রুল আগের স্ত্রীকে নিয়ে পালানির ওপর প্রায়ই নির্যাতন চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পালানি মিনজের বাঙালি স্বামী খায়রুল ও তাঁর অপর স্ত্রী জুলেখা বেগম পালানিকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর উদ্দেশে বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখেন। গতকাল সকালে প্রতিবেশীরা পালানির ঝুলন্ত লাশ দেখে খায়রুল ও জুলেখাকে বেঁধে রেখে পুলিশে খবর দেন। দুপুরে খবর পেয়ে গোমস্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পালানির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, মারধর করার পর গলায় কাপড় পেঁচিয়ে পালানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে গত শুক্রবার খায়রুল ও জুলেখাকে আসামি করে স্থানীয় এক ইউপি সদস্য গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।