গোমস্তাপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউপির মকরমপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ফাইজুদ্দিন (২৫) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে। গত রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত আল আমিন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল বলেন, ফাইজুদ্দিনের বাবা আনারুল ইসলামের দুই স্ত্রী। এ নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এরই জের ধরে রাত পৌনে ১১টার দিকে আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ভাই আমির হামজা প্রথম স্ত্রীর সন্তান ফাইজুদ্দিনের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ফাইজুদ্দিন। ওই রাতেই আনারুল ইসলাম বাদী হয়ে আমির হামজা ও তাঁর সহযোগী আল আমিনকে আসামি করে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমির হামজা পালিয়েছেন।