গোমস্তাপুরে রাস্তা নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কোদালের আঘাতে আবু বাক্কার (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। উপজেলার ডিহিটোলা গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য মো. বকুল মিয়া, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তা দিয়ে চলাচল করতে আবু বাক্কারকে বাধা দিতেন প্রতিবেশী তাইফুর রহমান। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ ব্যাপারে একাধিকবার গ্রাম্য সালিসও হয়। কিন্তু আপস হয়নি। ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সোমবার চূড়ান্ত সালিস হওয়ার কথা ছিল। তার আগে উভয় পক্ষ যেন বিরোধে না জড়ায়, এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে ওই রাস্তা দিয়ে আবু বাক্কার মহিষ নিয়ে যাওয়ার সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে বাধা দেন তাইফুর। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কোদালের উল্টো দিক দিয়ে আবু বাক্কারের মাথায় আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আবু বাক্কারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘আবু বাক্কারের সঙ্গে তাইফুরের রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি আমার উপস্থিতিতে মীমাংসা হওয়ার কথা ছিল সোমবার। তার আগেই আবু বাক্কার নিহত হলেন। ব্যাপারটি বড়ই দুঃখজনক।’

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল গতকাল রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাইফুরসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আবু বাক্কারের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।