চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) গণিত বিষয়ের পরীক্ষা ‘ক’ সেটের বদলে ‘খ’ সেটের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আলমগীর কবীর ও কেন্দ্রের সচিব নজরুল ইসলাম।
ইউএনও প্রথম আলোকে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রসচিব নজরুল ইসলাম ও ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফেরদৌসী বেগমকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ কেন্দ্রের পরীক্ষার্থীদের খাতা যেন ‘খ’ সেটের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, সে প্রচেষ্টা চালানো হচ্ছে। যাতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়।
এ ব্যাপারে ফেরদৌসী বেগম ভুল হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘পরীক্ষার্থীদের খাতার মূল্যায়ন খ সেটের ভিত্তিতেই হবে বলে মনে করি। সে চেষ্টাই আমরা সর্বাত্মকভাবে করছি। পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।’
উল্লেখ্য, এ কেন্দ্রে অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৯২ জন অংশ নেয়।