গোয়ালন্দে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উদয়নচর ইউনিয়নের দরাপেনডাঙা গ্রামে শরিফুজ্জামান পলাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এবার ইউনিয়ন যুবলীগ কমিটির সেক্রেটারি পদের প্রার্থী ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসের উল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শরিফুজ্জামান দুই-তিনজন বন্ধুর সঙ্গে নদীর ধারে বসে গল্প করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগ কমিটির সভাপতি পদের প্রার্থী জিন্দার আলী ও আরও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে শরিফুজ্জামানকে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুজ্জামান মারা যান।

উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনূস মোল্লার ভাষ্য, নিহত শরিফুজ্জামান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এবার ইউনিয়ন যুবলীগ কমিটির সেক্রেটারি পদের প্রার্থী ছিলেন। আর জিন্দার আলী যুবলীগ কমিটির সভাপতি পদের প্রার্থী। কিছুদিন পরেই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করার কথা রয়েছে। তাই ব্যক্তিগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।