গোয়ালন্দে ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দিয়েছেন আলামিন নামের এক যুবক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, স্থানীয় একটি বিদ্যালয়ের ওই ছাত্রীকে প্রায় দুই বছর ধরে একই এলাকার আলামিন উত্ত্যক্ত করে আসছেন। আলামিন প্রথমে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিলে সে বিষয়টি পরিবারকে জানায়। পরিবার থেকে নিষেধ করা হলে আলামিন ক্ষিপ্ত হয়ে কিছুদিন আগে নিজের পরিবারের সদস্যদের দিয়ে বিয়ের প্রস্তাব দেন। এতে ছাত্রী ও তার পরিবার রাজি হয়নি এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে আলামিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করতে থাকেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে কোচিং শেষে বাড়ি ফেরার পথে আলামিন ছাত্রীটিকে অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেন।