গোয়ালন্দে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শওকত খান (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, লিটন শেখ ওরফে টিটু ও তাঁর তিন বন্ধু শওকত, কাওছার ও রাজিব পাটখেতে নিয়ে তাকে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর পাশ দিয়ে এক কৃষক যাওয়ার সময় টের পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পাশের বাড়িতে নিয়ে যান।
এলাকাবাসী জানান, খবর পেয়ে তাঁরা ধাওয়া করে শওকত নামের একজনকে আটক করে পুলিশে দেন। পুলিশ ওই মাদ্রাসাছাত্রীসহ শওকতকে থানায় নিয়ে আসে। পরে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে শনিবার রাতেই গোয়ালন্দঘাট থানায় লিটন, শওকত, কাওছার ও রাজিবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি হিসেবে শওকতকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। এর আগে সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই মাদ্রাসাছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
আসামিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে আটক শওকত থানা হেফাজতে দাবি করেন, লিটন, কাওছার ও রাজিব ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাস্থলের বাইরে পাহারায় ছিলেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, বাকি আসামিরা পলাতক থাকায় এখনো ধরা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।