গোয়ালন্দে প্রথম আলোর প্রতিনিধির কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হকের গোয়ালন্দ বাজারের অস্থায়ী কার্যালয়ে গত বুধবার দিবাগত রাতে কে বা কারা হামলা চালিয়েছে। এ সময় কার্যালয়ের শাটারে (ঝাপ) ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়।
বেশ কয়েকটি অনিয়ম নিয়ে সম্প্রতি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে অশুভ চক্র তাঁর (রাশেদুল) ওপর ক্ষুব্ধ হয়। তারা এ হামলায় ইন্ধন জোগাতে পারে বলে সাংবাদিকেরা ধারণা করছেন।
রাশেদুল হক জানান, গতকাল দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে তাঁর অস্থায়ী কার্যালয়ে গিয়ে দেখতে পান শাটারে ধারালো অস্ত্রের কোপ। এ সময় স্থানীয় কয়েকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, বুধবার গভীর রাতে কয়েকজন যুবক তাঁর কার্যালয়ের সামনে এসে শাটারে লাথি মেরে গালাগাল করতে থাকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। একপর্যায়ে যুবকেরা কার্যালয়ের শাটারে একটি কোপ দেয়। ওই রাতেই তাঁর বাড়ির চালার ওপর কয়েকটি ঢিল ছোড়া হয়।