গোয়ালন্দে 'চরমপন্থী' নেতার লাশ উদ্ধার
>ডিম্বল নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের স্থানীয় নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং চাঁদাবাজির চারটি মামলা রয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত শুক্রবার রাতে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত এমদাদ হোসেন ওরফে ডিম্বল প্রামাণিক (২৬) চরমপন্থী দলের নেতা ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে দাবি করছে। তবে এমদাদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে এই খুন।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ডিম্বলের বাড়ি থেকে কিছু দূরে ভাগলপুর গ্রামের আজিবরের ইটভাটার কাছে ডিম্বলের কণ্ঠে বাঁচাও বলে চিৎকার শুনতে পান তাঁরা। পরে প্রতিবেশীরা ওই ব্যক্তির পরিবারকে জানালে ঘটনাস্থলে গিয়ে ইটভাটার এক পাশে ডিম্বলের গলা কাটা ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে রাত ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
নিহত ডিম্বলের বাবা মমিন প্রামাণিক দাবি করেন, প্রায় দুই বছর আগের একটি ঘটনার জের ধরে স্থানীয় জাহাঙ্গীর শেখের সঙ্গে ডিম্বলের বিরোধ তৈরি হয়। ঝামেলা এড়াতে ডিম্বলকে কয়েক মাস আগে ঢাকার একটি ইলেকট্রনিকস কোম্পানিতে চাকরির জন্য পাঠানো হয়। ১ সেপ্টেম্বর এলাকায় ফিরলে জাহাঙ্গীরের ছোট ভাই মিঠুর সঙ্গে ডিম্বলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। মিঠু তখন ডিম্বলকে হত্যার হুমকি দেয়।
ঘটনার দিন শুক্রবার বিকেল পাঁচটার দিকে ডিম্বল বাড়ি থেকে বের হন। রাত পৌনে নয়টার দিকে প্রতিবেশী ব্যক্তিরা জানান, ডিম্বলকে কারা যেন মারার জন্য ধাওয়া করছে এবং তাঁর কণ্ঠে বাঁচার আর্তচিৎকার শোনা গেছে। রাত নয়টার দিকে ঘটনাস্থল থেকে ডিম্বলের লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর ও তাঁর লোকজন পূর্ববিরোধের জের ধরে ডিম্বলকে হত্যা করেছে বলে অভিযোগ করেন ডিম্বলের বাবা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল দাবি করেন, ডিম্বল নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের স্থানীয় নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর থানায় হত্যা, অপহরণ এবং চাঁদাবাজির চারটি মামলা রয়েছে। রাজবাড়ীর অপহরণ মামলায় ডিম্বলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এলাকায় ডিম্বল বাহিনী নামে তাঁর নিজস্ব বাহিনী রয়েছে। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সকালে ডিম্বলের বাবা মমিন প্রামাণিক বাদী হয়ে জাহাঙ্গীর ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে।