গোয়েন্দা পুলিশের ওসির বাসায় চুরি
নারায়ণগঞ্জের মাসদাইরে এক পুলিশ কর্মকর্তার ফ্ল্যাটে গতকাল শুক্রবার চুরি হয়েছে। দুপুর থেকে রাত সাড়ে সাতটার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের মাসদাইর পাবনাপট্টির ১৭২/৩ নম্বর হোল্ডিংয়ের সৈয়দ আহমেদ আলীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন। তিনি গতকাল দুপুরে জুমার নামাজের পর বাসার দরজায় তালা দিয়ে বন্দর উপজেলায় শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে চলে যান। রাত সাড়ে সাতটার দিকে বাসায় এসে দরজার তালা ভাঙা দেখতে পান। ঘরের ভেতরে স্টিলের আলমারি, ওয়ার্ডরোপ ও সিন্ধুক ভাঙা। কাপড়চোপড় ঘরের মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে। পরে তিনি বিষয়টি ফতুল্লা থানার পুলিশকে জানান।
ওসি মাহবুব হোসেন জানান, চোরেরা ৯০ হাজার টাকা, ১০ ভরি সোনার গয়নাসহ মোট ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এর আগে গত মঙ্গলবার রাতে নগরের আল্লামা ইকবাল রোড এলাকায় ব্যবসায়ী আবু তাহের সুমনের বাড়িতে চুরি হয়। ডাকাতেরা ওই বাড়ির দরজার তালা লাগানোর আংটা ভেঙে টাকা, ৪০ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন, কম্পিউটার মনিটর, সোনার গয়নাসহ ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো চোরকে গ্রেপ্তার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, মাসদাইরে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি হয়েছে। চোরের দল টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। ব্যবসায়ী সুমনের বাড়ি থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।