গোলাগুলিতে নিহত ২, পুলিশের দাবি ডাকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুই দল ‘ডাকাতের’ মধ্যে গোলাগুলিতে দুই তরুণ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই দুজন হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ এলাকার পাভেল মুন্সী (২৮) ও শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা মো. সবুজ উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়। তাঁদের দুজনের মাথাতেই গুলির চিহ্ন ছিল।

আজ দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, বাইপাস সড়কের আলালপুর এলাকায় গতকাল গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ওই দুই তরুণকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওই দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নূরু মিয়া বাইপাস সড়কের আলালপুর এলাকার কৃষক সাত্তার শেখ প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে আমি দুটি গুলির শব্দ শুনতে পাই। সকালে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি দুই তরুণ নিহত হয়েছেন।’

নিহত পাভেল মুন্সীর বাবা আবদুল করিম মুন্সী একজন ট্রাকচালক। তিনি একটি মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। পাভেলের মা পারভিন আক্তারকে গতকাল সোমবার গ্রেপ্তার করে পুলিশ।

শহরের শোভারামপুর এলাকার দুই বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাভেল বহু আগে থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। শোভারামপুর এলাকায় সম্প্রতি কয়েকটি ডাকাতিতে সে সরাসরি অংশ নিয়েছে। পাভেলের মামা প্রথম আলোকে বলেন, পাভেলের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য গত দুই বছর ধরে পাভেল বা তার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তিনি বলেন, ‘আমি বলতে পারব না পাভেল কোথায় এবং কি অবস্থায় মারা গেছে।’

নিহত সবুজ উদ্দিনের বাবা আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের নামে থানায় কোনো মামলা নেই। সে মুরগিবাহী গাড়ি চালাত। গত রোববার রাতে আমার ছেলের সঙ্গে শেষ কথা হয়। সবুজ উদ্দিন মুরগির গাড়ি নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। এরপর থেকে তার কোনো খবর জানি না। আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, আমার ছেলেকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছে।’ ছেলের হত্যার বিচার দাবি করে আশরাফ উদ্দিন বলেন, ‘আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে অপরাধ করলে তাকে সাজা দিন। তাকে মেরে ফেলা হবে কেন?’

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, নিহত পাভেলের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় পুরোনো ও নতুন মিলিয়ে ডাকাতি বা দস্যুতার অভিযোগে সাতটি মামলা রয়েছে। তবে সবুজ উদ্দিনের নামে থানায় কোনো মামলা আছে কি না, সেটি জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, সোমবার দিবাগত রাতে বাইপাস এলাকায় ‘গোলাগুলির’ ঘটনায় মঙ্গলবার বিকেলে একটি হত্যা মামলা করা হয়েছে। মৃতদেহ দুটির ময়নাতদন্ত করে তাঁদের স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।