গোলাপগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে ইমাম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত ইমাম হোসেন (৪০) কদুপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন কদুপুর গ্রামের রাজু (৩৫), মারজান (১৬) ও শাহ আলম (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ইমাম হোসেনের বংশের কিছু লোক গতকাল বেলা একটার দিকে তাঁকে গ্রামের রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ইমাম হোসেনের শরীরে ধারালো অস্ত্রের ১৯টি আঘাতের চিহ্ন রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।