গোল্ড আনোয়ারের জমি নিলামে বিক্রি হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

অর্থ আদায়ে ফেনীর আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের জমি নিলামে তুলেও কোনো ক্রেতা পায়নি রূপালী ব্যাংক। গত ১৫ ফেব্রুয়ারি নিউ রূপসী জুয়েলার্সের ২৪ কোটি ৫৭ লাখ টাকা আদায়ে আনোয়ার হোসেনের জমি ও ফ্ল্যাট নিলামে তোলা হয়। এ দফায় আনোয়ার হোসেনের ৮০ শতক জমি ও ফেনী শহরে তাঁর নামে থাকা ৬৭৫ বর্গফুটের ফ্ল্যাট নিলাম হয়। গত ২৮ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময় পর্যন্ত এ নিলামের মেয়াদ ছিল। কিন্তু ক্রেতা পাওয়া যায়নি।

এ ছাড়া গত ১৬ ফেব্রুয়ারি মেসার্স দেশ জুয়েলার্সের ৭৩ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে আরেকটি নিলাম ডেকেছিল ব্যাংক। এ দফাতে আনোয়ার হোসেনের নামে থাকা ১ হাজার ২৫৮ শতাংশ জমি নিলামে তোলা হয়। তবে ৬ মার্চের নির্দিষ্ট সময় পর্যন্ত এ নিলামেও ব্যাংক কোনো ক্রেতা পায়নি।

খেলাপি হওয়া ৯৮ কোটি টাকা আদায়ে ফেনীর অর্থঋণ আদালতে মামলা দায়ের করেছিল রূপালী ব্যাংক। গত বছরের ১১ মার্চ নিউ রূপসী জুয়েলার্সের ২৪ কোটি ৫৭ লাখ টাকা ও ১৩ মার্চ মেসার্স দেশ জুয়েলার্সের ৭৩ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে এ দুটি মামলা হয়। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘অনুমোদন ছাড়া আনোয়ার হোসেনকে যেসব অর্থ দেওয়া হয়েছিল, তা আদায় করা গেছে। এখন বাকি টাকা আদায়ে মামলা দায়ের করা হয়েছে। পাওনা টাকা না পেয়ে আমরা আইনি পথে গেছি।’

ফেনীর ৩৫ বছর বয়সী এই ব্যবসায়ীর কাগুজে নাম মো. আনোয়ার হোসেন। তবে এখন নিজের নাম লেখেন আনোয়ার চৌধুরী। ব্যাংকের টাকায় ফেনী শহরে দুটি স্বর্ণের দোকান করেছিলেন তিনি। আর এই স্বর্ণ দোকানের ব্যবসাতেই পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া দেড় শ কোটি টাকারও বেশি অর্থায়ন করেছিল ব্যাংকটি। ফেনীর ইসলামপুর রোড শাখা থেকে দেওয়া হয় এসব ঋণ। বিপুল পরিমাণ এই অর্থ পাওয়ার পর স্থানীয় লোকজন এখন তাঁকে ‘গোল্ড আনোয়ার’ হিসেবে চেনে। প্রথম আলোতে ২০১৬ সালের নভেম্বরে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর প্রায় ৬০ কোটি টাকা ফেরত দেন তিনি। বাকি টাকা ফেরত না পেয়ে এখন আইনি পথে রূপালী ব্যাংক।

আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অন্য কেউ তো টাকা ফেরত দেয় না। ব্যাংককে ৬৫ কোটি টাকা ফেরত দিয়েছি। বাকি টাকা ফেরত দিতে ৬ মাস সময় চেয়েছি। জমি বিক্রি হলেই টাকা ফেরত দেব। অনেকের কাছেই আমার টাকা আটকা আছে, কেউ ফেরত দিতে চাইছে না। এ জন্য ব্যাংককেও ফেরত দিতে পারছি না।’

জানা গেছে, ব্যাংক থেকে নেওয়া টাকার বড় অংশ দিয়ে ফেনী জেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি কিনেছেন আনোয়ার হোসেন। এ ছাড়া শহরের নিকটবর্তী এলাকাতেও কিছু জমি কেনেন।

আনোয়ার হোসেনকে দেওয়া ১৫১ কোটি টাকার ঋণসুবিধার মধ্যে ৭৩ কোটি টাকা দেওয়া হয়েছিল কোনো ধরনের অনুমোদন ছাড়াই। এসব ঋণের কোনো নথিপত্রও শাখায় ছিল না। নিয়মনীতি ছাড়া বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সঙ্গে জড়িত থেকেছেন ব্যাংকটির একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে শাখা পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত। দেখা গেছে, ফেনীর রূপালী ব্যাংকের ইসলামপুর রোড শাখার মোট ঋণই ১৫২ কোটি টাকা আর আনোয়ার হোসেনকেই দেওয়া হয়েছিল ১৫১ কোটি টাকা। এ নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।