গোসাইরহাট ও মোরেলগঞ্জে দুজন ধর্ষণের শিকার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে গত রোববার এক তরুণী গণধর্ষণের শিকার হন। মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। দুটি ঘটনায় গতকাল বৃহস্পতিবার পৃথক মামলা হলেও পুলিশ দুই মেয়ের ডাক্তারি পরীক্ষা করার উদ্যোগ নেয়নি।
গোসাইরহাট থানার পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা যায়, পিতৃহীন দরিদ্র ওই তরুণী মায়ের সঙ্গে বসবাস করেন। গত রোববার সন্ধ্যায় ইয়াছিন দেওয়ান ইলিশ মাছ দেওয়ার কথা বলে ওই তরুণীকে ডেকে নেন। তারপর বাড়ির পাশের একটি বাগানে নিয়ে তিনিসহ চার যুবক তরুণীকে ধর্ষণ করেন। পরে গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করেন।
ঘটনাটি জানাজানি হলে ইয়াছিন দেওয়ানের বাবা জয়নাল দেওয়ান এবং তাঁদের আত্মীয় জাহাঙ্গীর দেওয়ান ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির পরিবারকে চাপ দিতে থাকেন। গতকাল ঘটনাটি জানার জন্য কয়েকজন সংবাদকর্মী মেয়েটির বাড়িতে যান।
মেয়েটি জানান, ইয়াছিনসহ চার যুবক তাঁকে ধর্ষণ করেন। অন্য যুবকদের নাম বলার সময় জাহাঙ্গীর দেওয়ানের মেয়ে তুলি আক্তার সাংবাদিকদের সামনে থেকে তাঁকে জোর করে সরিয়ে নিয়ে যান।
তুলি চলে যাওয়ার পর মেয়েটির ভাবি অভিযোগ করেন, গ্রামের ইয়াছিন দেওয়ান, ইমরান ভূঁইয়া, উজ্জ্বল সরদার ও বাদশা গাজী তাঁর ননদকে ধর্ষণ করেন।
অভিযুক্ত চার যুবককে গ্রামে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মোরেলগঞ্জের স্কুলছাত্রীর মা বলেন, তাঁর মেয়ে মঙ্গলবার কালাম খানের (৫০) বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বেলা ১১টার দিকে কালাম খান তাঁর মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে তিনি ও প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে গতকাল সকালে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর থেকে কালাম খান পলাতক। তাঁর বড় ভাই মো. আবদুল বারী খান ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে দাবি করেন।
মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খান বলেন, শিশুটির শরীরে আঘাত ও শ্লীলতাহািনর আলামত রয়েছে। মোরেলগঞ্জ হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে। প্রয়োজন হলে চিকিৎসকেরা ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠাবেন।