গোসাইরহাটে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোটকাচনা গজারিয়া গ্রাম থেকে কল্পনা বেগম (২৬) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর এক আত্মীয়ের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কল্পনা বেগম বরিশালের মুলাদি উপজেলার বালিয়াতলি গ্রামের সজল ব্যাপারীর স্ত্রী।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, ‘গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তারপরও আমরা ঘটনাটি তদন্ত করছি।’
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কল্পনা বেগম তিন কন্যাসন্তানের জননী। দুই মাস যাবৎ কল্পনা পেটের ব্যথায় ভোগছেন। এর চিকিৎসা নিতে মঙ্গলবার তিনি গোসাইরহাট উপজেলার ছোটকাচনা গজারিয়া গ্রামের আনোয়ার হোসেন নামের এক ফকিরের কাছে আসেন। বুধবার ওই ফকির তাঁকে ঝাড়ফুঁক ও তেলপড়া চিকিৎসা দেন। এ সময় কল্পনার সঙ্গে তাঁর মা মুকুল বেগম, স্বামী সজল ব্যাপারী, শিশুকন্যা আরিফা ছিল। তাঁরা ওই ফকিরের কাছ থেকে আরও চিকিৎসা নেওয়ার জন্য ছোটকাচনা গজারিয়া গ্রামে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ওই গ্রামের হালিমা বেগমের বসতঘর থেকে কল্পনার গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কল্পনার মা মুকুল বেগম প্রথম আলোকে বলেন, ‘কল্পনা আর আমি এক ঘরে আলাদা স্থানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গোঙানির আওয়াজ পেয়ে বাতি জ্বালিয়ে দেখি মাটিতে কল্পনা গড়াগড়ি খাচ্ছে। কিছুক্ষণ পরই সে মারা যায়। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা আমরা বলতে পারছি না।’