গোয়াইনঘাট সীমান্তে ছররা গুলিতে নিহত ১
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বন্দুকের ছররা গুলিতে বাচ্চু মিয়া (৩৫) নামের একজন মারা গেছেন। আজ বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই কুমিল্লা বস্তির বাসিন্দা বাচ্চু সুপারি ব্যবসায়ী ছিলেন।
দুপুরে বাড়ি থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও বিজিবির বরাত দিয়ে পুলিশ জানয়, ভোর পাঁচটার দিকে বাচ্চু মিয়া সোনারহাট সীমান্তের ১২৬৮ মেইল পিলারসংলগ্ন এলাকায় যান। সেখানে অবস্থানকালে ভারত থেকে একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু বাড়ি ফেরেন।
বাচ্চুর পরিবারের ভাষ্য, ভারতীয় খাসিয়া নৃগোষ্ঠীর লোকজন তাঁকে গুলি করতে পারে।
ইউএনও সালাহ উদ্দিন বলেন, কে বা কারা, কেন গুলি করেছে, এ বিষয়ে বিজিবির সদস্য ও পুলিশ খোঁজ নিচ্ছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।