গোয়াইনঘাটে জঙ্গি দলের 'সদস্য' গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে মা‌নিক মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পু‌লিশ। গতকাল বুধবার পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এএটিইউ), গোয়েন্দা শাখা ও গোয়াইনঘাট থানার পু‌লিশ রাধানগর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ বলেন, সিলেট মহানগরের শাহপরান থানায় চলতি বছরের জানুয়ারি মাসে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন মা‌নিক মিয়া। ওই মামলায় পলাতক ছিলেন তিনি। আটকের পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আবদুল আহাদ দাবি করেন, গ্রেপ্তার মানিক মিয়া জঙ্গি সংগঠন আল্লাহর দলের দাওয়াত শাখার সক্রিয় সদস্য ছিলেন।