গোয়াইনঘাটে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিরুন্নেছা (২২) একই উপজেলার হাতিরখাল গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তিন বছর আগে তাঁর বিয়ে হয় এবং এক বছর বয়সী তাঁর এক কন্যাসন্তান রয়েছে। পুলিশ তাঁর স্বামী আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে।
গোয়াইনঘাট থানার পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে বগাইয়া গ্রামের আলমগীর হোসেন তাঁর স্ত্রী আমিরুন্নেছাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করেন। টের পেয়ে গ্রামবাসী আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আমিরুন্নেছার মা রহিমা বেগম বিকেলে থানায় মামলা করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।