গোয়াইনঘাটে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তাজুল ইসলাম (২০) নামের এক ব্যক্তি তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার আলীছড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গতকালই অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে।

নিহত বোনের নাম তামান্না আক্তার (১৪)। সে উপজেলার আলীছড়া গ্রামের আবদুল হাসিমের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ তাজুলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে আবদুল হাসিমের ছেলে তাজুল ইসলাম দা দিয়ে তাঁর বোন তামান্নার ঘাড়ে (১৪) উপর্যুপরি কোপ দেন। এ সময় তামান্নার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলেও তাকে বাঁচাতে পারেননি। তাজুলের দায়ের কোপে ঘটনাস্থলেই সে মারা যায়। প্রতিবেশীরা শোরগোল ও কান্নাকাটির শব্দ শুনে ওই বাড়িতে গিয়ে তামান্নার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা তাজুলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাজুলকে গ্রেপ্তার ও তামান্নার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ভাষ্যমতে, আলীছড়া গ্রামের চান মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) সঙ্গে তামান্নার প্রেম ছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাতে ভাইবোনের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে ওই বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাজুল তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তামান্নার লাশ উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আশুগঞ্জে ছাত্রীর লাশ উদ্ধার

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রিমা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। রিমা উপজেলার শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্বপাড়া এলাকার আবদুল হামিদের মেয়ে। রিমা পার্শ্ববর্তী খোলাপাড়া শাহ ফরাসত আলী উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয় লোকজন ও রিমার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির পাশের এক চাচাতো বোনের কাছে প্রাইভেট পড়তে যায় রিমা। সেখান থেকে বাড়িতে ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। অনেকক্ষণ পরেও দরজা না খোলায় পরিবারের লোকজন দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে আড়ার সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখে স্বজনেরা। খবর পেয়ে বেলা দুইটার দিকে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, রিমা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়নাদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।