গোয়ালন্দে অপহৃত স্কুলছাত্রী সাভারে উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গত শুক্রবার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী অপহৃত হয়। গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল শনিবার ঢাকার সাভার থেকে তাকে উদ্ধার করে। গতকাল রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোমিন হোসেন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
মেয়ের বাবা দাবি করেন, মোমিন তাঁদের বাড়িতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে যান। সেখানে মেয়েটির সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে স্কুলে যাওয়া-আসার পথে মোমিন তাকে উত্ত্যক্ত করতে থাকেন। গত শুক্রবার বিকেলে এই কিশোরীকে কৌশলে সাভারের এক নিকট আত্মীয়ের বাড়িতে নিয়ে যান মোমিন। মুঠোফোনে কিশোরীটি তার পরিবারকে এ ঘটনা জানায়। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি জানার পর পুলিশ গতকাল সাভারে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে।