গোয়ালন্দে অস্ত্র, গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৃথক স্থান থেকে অস্ত্র, গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ছাহের মণ্ডলের পাড়া গ্রামের আদু শেখের ছেলে সমশের শেখ (৩৩), একই উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আপন মাহমুদ (২৮) এবং ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ শিটারডাঙ্গি গ্রামের আবদুর রাজ্জাক ওরফে আফজালের ছেলে মো. ফরিদ (২০)।
এর মধ্যে সমশের শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ জানিয়েছে, তিনি একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখানপাড়া সেতুর ওপর থেকে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজসহ হত্যা ও ডাকাতির একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সমশেরকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে আপন মাহমুদকে ১০০ গ্রাম গাঁজাসহ গোয়ালন্দ পৌরসভার গরুর হাটসংলগ্ন রেললাইনের পাশ থেকে গ্রেপ্তার করে। পুলিশের আরেকটি দল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. ফরিদকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে রাতেই গোয়ালন্দ ঘাট থানায় পৃথক দুটি মাদক মামলা করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার তিনজনকে আজ বুধবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।