গোয়ালন্দে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গত সোমবার রাতে পিটিয়ে আহত করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিষিদ্ধঘোষিত একটি চরমপন্থী দল জড়িত বলে মনে করা হচ্ছে।
আহত আবুল কালাম আজাদ (৪৭) উপজেলার ছোটভাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আজাদ গতকাল মঙ্গলবার জানান, জেলা শহরে কাজ সেরে সোমবার রাত ১০টার দিকে তিনি উপজেলার কাটাখালী বাজারে যান। বাজারের একটি দোকানে বসে তিনি গল্প করছিলেন।
সোয়া ১০টার দিকে পাশের পাঁচুরিয়া রেলস্টেশন এলাকা থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র দল দোকানের পাশ দিয়ে এগিয়ে যায়। কিছুদূর এগোনোর পর পুনরায় ফিরে আসে। মুহূর্তেই তারা দোকানটি ঘিরে ফেলে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা তাঁকে দোকান থেকে বের হয়ে আসতে বলে। বের হওয়ামাত্র মারপিট শুরু হয়। একজন রাইফেল তাঁর দিকে তাক করে গুলি ছোড়ার চেষ্টা করে। তবে তিনি দুই হাত দিয়ে ধরে ফেললে রাইফেলের ম্যাগাজিন খুলে পড়ে। এরপর সন্ত্রাসীরা আর গুলি না চালিয়ে তাঁকে রাইফেলের বাঁট ও হকিস্টিক দিয়ে বেদম পেটায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, হামলাকারীরা আওয়ামী লীগ নেতা আজাদকে পিটিয়ে আহত করার পর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) পরিচয় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় তেনাপচা স্কুলের মাঠ দিয়ে দেবগ্রামের চরাঞ্চলের দিকে চলে যাওয়ার সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, পূর্বের কোনো বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তিনি হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে ঘটনার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।