গোয়ালন্দে গাঁজাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কেন্দ্রীয় মহাশ্মশানসংলগ্ন উজানচর ইউনিয়নের রুস্তুম মাতুব্বরপাড়ায় গাঁজা বেচাকেনা করা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ইউপি সদস্যের নাম মো. বাবলু শেখ (৫০)। তিনি উজানচর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার আরেক ব্যক্তির হলেন একই গ্রামের মো. আফজাল শেখ (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইউপি সদস্য বাবলু শেখ এবং তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি এর ব্যবসাও করে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের দল গতকাল সন্ধ্যার দিকে উজানচর ইউনিয়নের রুস্তুম মাতুব্বরপাড়ায় অভিযান চালায়। এ সময় বাবলু ও আফজালকে রাস্তার ওপর থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে রাতেই তাদের রাজবাড়ীর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের কাছ থেকে ৭টি প্যাকেটে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে গতকাল রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।