গোয়ালন্দে চিকিৎসক দৌলতপুরে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বুধবার রাতে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসক মোশাররফ হোসেন (৩৫) অন্তারমোড়ের তাঁর চেম্বার থেকে বুধবার রাত সাড়ে সাতটার দিকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ির অদূরে ছয়-সাতজন দুর্বৃত্ত তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে কয়েকজন স্থানীয় লোক তাঁকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁরা তাঁকে দ্রুত ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে গতকাল ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোশাররফের চেম্বারে মাঝেমধ্যে চরমপন্থীরা আসা-যাওয়া করত। হয়তো তাদের গোপন কোনো বিষয় মোশাররফ জেনে ফেলায় বা ফাঁস হওয়ায় তাঁকে তারা হত্যা করতে পারে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কুষ্টিয়া: গতকাল সকালে মিনিবাসের টিকিট সংগ্রহ করতে এসে যাত্রীরা কাউন্টার মাস্টার পারভীনা আক্তারকে (৪৮) না পেয়ে তাঁর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে কয়েকজন যাত্রী কাউন্টারের পাশেই দৌলতপুরের খানপাড়ায় পারভীনার বাড়িতে যান। এ সময় তাঁর ঘরের ভেতর পারভীনার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পারভীনার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এ ঘটনায় মন্টু (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর): নেছারাবাদ জগৎপট্টি গ্রামের গৌতম চন্দ্র সাহা (৩০) গত রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি নদীতে ডুব দেন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।