গোয়ালন্দে চিকিৎসককে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে মোশাররফ হোসেন (৩৫) নামে একটি হোমিওপ্যাথিক চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কুপিয়ে জখম করার পর তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেখানে তিনি মারা যান।
মোশাররফের বাড়ি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট এলাকায়।
স্থানীয় কয়েকজন সাংবাদিকদের বলেন, গতকাল রাতে ইউনিয়নের অন্তার মোড় এলাকার নিজ চেম্বার থেকে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কাছে আসামাত্র ছয়/সাত যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর জখম করে চলে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।
নিহতের মামা সহিদ মিয়া প্রথম আলোকে বলেন, মোশাররফের সঙ্গে কারও বিরোধ নেই। তাঁকে হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল সাংবাদিকদের বলেন, হত্যার কারণ এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।